ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখের রঙে টিকে আছে ঠাকুরগাঁওয়ের মৃৎশিল্প 

Mahamudul Hasan Babu
April 13, 2026 10:31 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- মাটির ছোঁয়ায় জীবনের গল্প গড়ে ওঠে তাদের হাতে। নিপুণ কারুকাজ আর রঙের মায়ায় প্রতিটি মাটির সামগ্রী যেন বলে বাংলার শেকড়ের গল্প, ঐতিহ্যের গল্প। পহেলা বৈশাখকে ঘিরে ঠাকুরগাঁওয়ের কুমারপাড়া গুলোতে  ব্যস্ততার উৎসব। বছরের বাকী সময়ে অনিশ্চয়তায় কাটে দিন। বৈশাখের রঙে টিকে আছে হারিয়ে যাওয়া এ শিল্প।এক উৎসবেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন মৃৎশিল্পীরা।
ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের পালপাড়া গ্রামের কেরকেরু পাল। বয়স ৬০ পেরিয়েছে। ছোটবেলা থেকেই মাটির শিল্পের সঙ্গে তার সম্পর্ক। বাপ-দাদারাও করতেন এই কাজ। বংশ পরম্পরায় তিনিও আপাদমস্তক মৃৎশিল্পী। এখন বয়সের ভারে শরীরে নানা অসুস্থতা। আগের মতো কাজ করতে পারেন না। তবুও ধরে রেখেছেন এ শিল্প।তবে আধুনিকতার ছোঁয়ায় বিক্রি কমে গেছে। খরচও ওঠে না। ব্যবসায় মনোযোগ নেই সন্তানদের।
সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও স্টিলের জিনিসপত্রের দখলে চারপাশ।সেই ভিড়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। তবে পহেলা বৈশাখ নতুন করে প্রাণ জোগায় এই শিল্পের।
ঠাকুরগাঁও সদর উপজেলার পালপাড়ায় এখনো টিকে আছেন কিছু মৃৎশিল্পী। ছোটবেলা থেকে বাপ-দাদার পেশা ধরে রেখে লড়াই করছেন মাটির সঙ্গে। বৈশাখ উপলক্ষে তৈরি হচ্ছে নানা রঙিন মাটির পণ্য৷ হাঁড়ি, পাতিল, ফুলদানি, শোপিস, খেলনা। এসব পণ্যে লাল, সাদা, হলুদ রঙের ছোঁয়া এনে বৈশাখের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করছেন শিল্পীরা। আয় কম,পরিশ্রম বেশি৷ আগের মতো নেই চাহিদা।  শিল্পকে ধরে রাখতে নেই প্রশাসনের কোন উদ্যোগও।
মৃৎশিল্পী কেরকেরু পাল বলেন, বাপ-দাদারা এসব করতেন৷ আমাদের পরিবারের ভরণপোষণের সব খরচ চলত এসব বিক্রির আয়ে৷ আমি নিজেও এসব ভালো দামে বিক্রি করেছি। এখন আর বিক্রি হয়না৷ বাধ্য হয়ে এসব করছি। ছেলেরা এসব করতে চায়না। মেকানিকের কাজ করতে চায়৷ প্লাস্টিকের কারনে এসব বিক্রি একদম তলানিতে। রঙের খরচ বেশি দাম মিলেনা৷
আরেক শিল্পী সুবল পাল বলেন, সব কুটির শিল্পের পাশে সরকার দাড়ায়। অথচ আমাদের কেউ খবর নেয়না। আমাদের খরচ উঠেনা কোন ভাবেই। এভাবে চলতে থাকলে বিলীন হয়ে যাবে শিল্পটা৷ আগে সারা বছর বিক্রি করা যেত। এখন বৈশাখে নিভু নিভু করে চলে। আমাদের শিল্পটা বিলীন হবার পথে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, যথাযথ পৃষ্ঠপোষকতার পাশাপাশি সরকারি সহায়তায় শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য শিল্পীদের পাশে দাড়ানো হবে।
বৈশাখের রঙে রাঙানো এই মৃৎশিল্প যেন শুধু একটি উৎসবকেন্দ্রিক পেশা হয়ে না থাকে। বরং সারা বছর জুড়ে টিকে থাকুক। এমনটাই প্রত্যাশা শিল্পী ও সচেতন মহলের।