আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের উদ্যোগে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম। এসময় তিনি তার বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সুশিক্ষা, সততা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হবে। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং মানবিক সমাজ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আলোচক ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, যুক্তিবোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না। তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, সহনশীলতা এবং সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোর তাৎপর্য উপলব্ধি করে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করবে এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া ও নীরবতা পালন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
