রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর ছয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় অপহরণ, ধর্ষণ ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম পৃথক মামলাগুলোর রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, জামালপুর সদর থানার একটি মামলায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্য একটি মামলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুলকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।
এছাড়া বকশীগঞ্জের অপহরণ মামলায় মোখলেছ ও মমিন মিয়াকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই ঘটনায় নাবালক আসামি মিন্টু মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।
অন্যদিকে, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় আজিজুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষ জানায়, ছয়টি মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। এর মধ্যে দুইজন পলাতক রয়েছেন।
