মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর জহুরুল, শামিম সহ অন্যান্যরা।
ক্যাম্পে শিশু রোগ বিষয়ে চিকিৎসক ডা. সাবির খান এবং মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী হাসান সাগর রোগীদের চিকিৎসাসেবা দেন। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসকদের পরামর্শ নেন।
এ সময় নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মানুষের সেবায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সার্বিক ব্যবস্থাপনায়: নিরাপদ হাসপাতাল সহযোগিতায়: ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজ।
