মাগুরা প্রতিনিধি: মাগুরায় প্রকাশ্যে এক পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘন্টা মধ্যে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নয়ন কে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় সদর থানা পুলিশে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ।
এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য ইমরান হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ ১০ থেকে ১৫ জন কে অজ্ঞাত আসামি করে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেনস্তার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ৃ
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিপরীতে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গাড়ির হর্ন বাজানো কে কেন্দ্র করে পুলিশ সদস্য মোঃ ইমরান হোসেনকে মারধর করেন জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নয়ন। মুহূর্তের মধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে। পুলিশ সদস্যদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মারধরের শিকার পুলিশ সদস্য মোঃ. ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
