(লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে বসতঘরের সামনে সেফটিক ট্যাংকের ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আপন চাচা ও তার ছেলেদের বিরুদ্ধে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিবুল্লাহ বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আলী আজমের স্ত্রী আফিয়া খাতুন (৫৫) ও তার ছেলে মো. মাইন উদ্দিন সুমন (৩৭)। গুরুতর আহত আফিয়া খাতুনের মাথায় আঘাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর মাইন উদ্দিন সুমনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, আপন দুই ভাই আলী হায়দার ও আলী আজমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আলী হায়দার তার সেফটিক ট্যাংক ছিদ্র করে ময়লা আলী আজমের পরিবারের ব্যবহৃত পুকুর, টিউবওয়েল ও রান্নাঘরের বরাবর বের করে দেন বলে অভিযোগ ওঠে।
এতে পানি ও পরিবেশ দূষণের প্রতিবাদ জানান মাইন উদ্দিন সুমন। একপর্যায়ে তিনি মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করতে গেলে আলী হায়দার, তার দুই ছেলে জায়েদুল ও রাশেদ এবং তাদের বন্ধু সুমন উদ্দিন শুভ অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে আফিয়া খাতুনকেও ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে আহত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে আলী হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
