ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Mahamudul Hasan Babu
August 31, 2026 3:34 pm
Link Copied!

মোঃ সাইফুর রশিদ চৌধুরী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩১ আগস্ট (সোমবার) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জাতীয় কবির আদর্শ ও চেতনা ধারণ করে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, জেলা কালচারাল অফিসার ফারহান কবির সিফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক ও সাংবাদিকেরা।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে। ০২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল, মাদ্রাসা, কলেজ, সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। দুই মাসব্যাপী এই প্রতিযোগিতায় নজরুল সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতাসহ মোট ৮টি বিষয়ে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে।

উদ্বোধনী পর্বে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থা ও ঘুঙ্গুর নৃত্যালয়সহ স্থানীয় বেশ কিছু সাংস্কৃতিক দল পরিবেশনায় অংশ নেয়।

অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত অভিভাবকেরা জানান, এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।