রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরসভার ১৯৯৯ সালের প্রথম ঐতিহাসিক নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে জয়বঞ্চিত হয়েছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম মোহাম্মদ আলী। দীর্ঘ দিন পর এবার বাবার সেই অধরা স্বপ্ন পূরণ ও ওয়ার্ডবাসীর সেবায় মাঠে নেমেছেন তাঁর একমাত্র সুযোগ্য সন্তান রুকুনুজ্জামান রোকন (বি.এ)।
নতুন এই কাউন্সিলর প্রার্থী দিন-রাত এক করে চষে বেড়াচ্ছেন ৭ নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি হাট-বাজার ও পাড়া-মহল্লার চা-দোকান গুলোতে জোরদার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় ও প্রবীণদের সালাম জানিয়ে ভোট এবং দোয়া চাইছেন এই উদীয়মান নেতৃত্ব।
ইসলামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক পরিচ্ছন্ন ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই রুকুনুজ্জামান রোকনের প্রধান লক্ষ্য। এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা-ক্রীড়ার বিকাশ এবং অসহায়-নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সেবা নিশ্চিত করাসহ পূর্বের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সফলভাবে সম্পন্ন করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় ভোটারদের মতে প্রয়াত মরহুম মোহাম্মদ আলীর সততা ও সামাজিক গ্রহণযোগ্যতার সুবাদে রুকুনুজ্জামান রোকন ইতোমধ্যে জনগণের মনে ব্যাপক সাড়া ফেলেছেন। রোকন জানান, জনগণের ভালোবাসা ও দোয়াকে সম্বল করে তিনি ৭ নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে রূপান্তর করতে আজীবন কাজ করে যেতে চান।
