ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ ও বাড়িঘরে হামলার ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেপ্তার ২

Mahamudul Hasan Babu
October 27, 2026 8:13 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে সৌরভ চন্দ্র মহন্ত এবং হামলা-ভাঙচুরের মামলায় শফিকুল ইসলাম আরিফ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চক করিম (তেলিপাড়া) এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনটি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।

হামলা-ভাঙচুরের ঘটনায় সৌরভ চন্দ্র মহন্তের বাবা বিশ্ব চন্দ্র মহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলাটির নম্বর ৩১। এতে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফ গুজিপাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে।

অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে আমিনুল দাফাদার নামে এক ব্যক্তি বাদী হয়ে পীরগঞ্জ থানায় পৃথক আরেকটি মামলা করেন। মামলাটির নম্বর ৩০। এতে সৌরভ চন্দ্র মহন্তকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

হামলায় ক্ষতিগ্রস্ত দিনেশ চন্দ্র মহন্ত জানান, একদল লোক সন্ধ্যায় তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনটি ছাগলসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা। তাঁরা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, পৃথক দুটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।