ঢাকাWednesday , 28 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে দুই দিনে ১৫৩ যানবাহন তল্লাশি, ট্রাফিক আইনে ২২ মামলা

Mahamudul Hasan Babu
October 28, 2026 1:10 pm
Link Copied!

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, ইভটিজিং ও ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ২৬ ও ২৭ অক্টোবর দুই দিনে ১৫৩টি যানবাহন তল্লাশি করে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২২টি মামলা করা হয়েছে। এ সময় ৮টি যানবাহন আটক করা হয়।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার নির্দেশনায় এবং আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে আমতলী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবী ও মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের সদস্য, জুয়া ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং তালিকাভুক্ত ডাকাত ও চোরদের গ্রেপ্তারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অভিযানের অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা, উচ্চ শব্দে যানবাহন চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ফিটনেস সনদ ছাড়া যানবাহন চালানোর অভিযোগে যানবাহন তল্লাশি করা হয়।

আমতলী ট্রাফিক পুলিশের টিআই সঞ্জীব কুমার মিত্র এবং টিএসআই নারায়ণ চন্দ্র হাওলাদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ ও ২৭ অক্টোবর দুই দিনে ১৫৩টি যানবাহন তল্লাশি করে ২২টি মামলা দেওয়া হয়। এ সময় ৮টি যানবাহন আটক করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযান কার্যকর করতে থানা ও ট্রাফিক পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সংশ্লিষ্ট থানার সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, অপরাধীদের তালিকা হালনাগাদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার নিশ্চিত করতেও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা রয়েছে।

পুলিশের ভাষ্য, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।