স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর’ প্রতিপাদ্যে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে শহীদ আহাদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুবদল নেতা তানজির রহমান সোহাগ, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।
বক্তারা তাঁদের বক্তব্যে যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের আইনের আওতায় আনা এবং সুষ্ঠু বিচারের দাবি জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম।
