মো. মেহেদী হাসান ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি: ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান , ২ জনের কারাদণ্ড
পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ ও প্রস্তুত করা দুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক মো. আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর এক সহযোগী মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের নেতৃত্বে পাবনা গোয়েন্দা সংস্থা (এনএসআই) , ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে ৩৬ ড্রাম জেলি, যার ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি, দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা এসব উপকরণ ও দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।স্থানীয় সুত্রে আরো জানা যায় দীর্ঘ দিন এই নকল দুধ তৈরি করে এবং এর আগেও অনেক বার জেল জরিমানা দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, দীর্ঘদিন ধরে মো. আবুল বাশার ভেজাল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
