রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা ও চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নূর উদ্দিন রুবেল।
এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
প্রধান অতিথির বক্তব্যে এনবিএস রাসেল বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা মেনে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে ঐক্য ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসকান্দার মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির, যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারদিন এহসান রুবাব, সদস্যসচিব মেহেদী হাসান, কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম সাইমুন ও সাধারণ সম্পাদক অরূপ মজুমদার।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কবুতর উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আহছান উল্যাহ মানিক, চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক, সাবেক সিনিয়র সহসভাপতি হাজী শাহ জাহান মিয়া, গোলাম রাব্বানী বিপ্লব, রইছ উদ্দিন মাসুদ, শমসের হোসেন হেলালসহ ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন আয়োজনে বিএনপির স্থানীয় নেতারা সার্বিক সহযোগিতা করেন।
