ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় অসহায় মানুষের পাশে ইউএনও শাম্মী আক্তার, দিলেন আর্থিক ও খাদ্য সহায়তা

Mahamudul Hasan Babu
November 23, 2026 12:43 pm
Link Copied!

নাটোর প্রতিনিধি:সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল মানুষের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে, আবার কখনো অসহায় মানুষের বাড়িতে গিয়ে তাঁদের হাতে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।
সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মুনছর রহমান। তিনি পেশায় একজন রিকশাচালক ও দিনমজুর। অভাব-অনটনের সংসারে কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাচ্ছেন তিনি। তাঁর ছেলে পুরুষোত্তমবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। ছেলের এমন সাফল্যে পরিবারে আনন্দ থাকলেও পরবর্তী শিক্ষাজীবনে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মুনছর রহমান। বিষয়টি জানতে পেরে তাঁর ছেলের পড়াশোনা অব্যাহত রাখতে ৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মো. রুবেল শেখ। তাঁর দুটি পা নেই। তবুও থেমে থাকেননি তিনি। অটো চালিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। তবে শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে অনেক সময় যাত্রী পান না বলে জানান তিনি। তাঁর একটি মেয়ে পড়াশোনা করছে। সীমিত আয়ে পরিবারের ভরণপোষণ ও মেয়ের পড়াশোনার খরচ চালাতে তাঁকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। তাঁর এই অসহায়ত্বের কথা বিবেচনা করে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনার শিকার হয়ে ১০ বছরেরও বেশি সময় ধরে বিছানায় শয্যাশায়ী রয়েছেন মো. ছাইফুল ইসলাম। দীর্ঘদিন ধরে কর্মক্ষমতা হারিয়ে অসহায় জীবনযাপন করছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে ৪ হাজার টাকা নগদ অর্থের পাশাপাশি খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
সহায়তা পেয়ে মো. রুবেল শেখ বলেন, “আমার দুটি পা নেই। তারপরও জীবিকার তাগিদে অটো চালিয়ে সংসার চালানোর চেষ্টা করি। কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে অনেক যাত্রী আমাকে নিতে চান না। এতে আয়-রোজগার কম হয়। একটি মেয়ে পড়াশোনা করছে। সংসারের খরচ চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এতে আমি অনেক উপকৃত হয়েছি। তাঁর এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের কষ্ট লাঘবে সহযোগিতা করার চেষ্টা করছি। বিশেষ করে অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনা যেন অর্থের অভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ও কর্মক্ষমতাহীন মানুষের খোঁজখবর নিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “সমাজের প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবারের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব। মানুষের বিপদে পাশে থাকতে পারাটাই সবচেয়ে বড় মানবিক কাজ।”
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখা, প্রতিবন্ধী ব্যক্তির জীবিকার সংগ্রামে সহযোগিতা এবং দীর্ঘদিন অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানোর বিষয়টি স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষ কিছুটা হলেও নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাবেন।