ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ইটের প্রাচীর ও টিনের বেড়ায় চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ এক পরিবার পৌরসভায় অভিযোগ, পরপর দুটি নোটিশ; এক মাসেও মেলেনি সমাধান

Mahamudul Hasan Babu
November 24, 2026 10:33 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ পৌর এলাকার রুবির মোড় সংলগ্ন এলাকায় চলাচলের রাস্তা ইটের প্রাচীর নির্মাণ করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিকল্প চলাচলের পথও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এতে এক মাসের বেশি সময় ধরে চরম ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, বেলাল হোসেনের বাড়িতে যাতায়াতের দীর্ঘদিনের পথটি ইটের প্রাচীর নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বিকল্প পথেও দেওয়া হয়েছে টিনের বেড়া। ফলে বাধ্য হয়ে একটি সরু গলি দিয়ে কোনোরকমে চলাচল করছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী বেলাল হোসেন জানান, চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে নিজের দোকানে যাতায়াত করতেও তাকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে নওগাঁ পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগের পর পৌরসভার পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের পরপর দুটি নোটিশ দেওয়া হয়েছে। নির্মিত প্রাচীর ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌরসভা সূত্র। তবে প্রাচীর নির্মাণের ক্ষেত্রে পৌরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই পথ দিয়ে এলাকাবাসী চলাচল করতেন। এমনকি পাশের গোরস্থানে যাতায়াতের জন্যও পথটি ব্যবহার করা হতো। পথটি বন্ধ হয়ে যাওয়ায় শুধু বেলাল হোসেনের পরিবার নয়, এলাকার অন্য বাসিন্দারাও সমস্যায় পড়েছেন বলে দাবি তাদের।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সম্রাট বলেন, পৌরসভার বিধি মেনেই তিনি সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। প্রাচীর থেকে আড়াই ফুট জায়গা ছেড়ে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। পৌরসভা পরিমাপ করে জায়গা কম ছাড়ার প্রমাণ পেলে প্রাচীর সরিয়ে নেওয়ার আশ্বাসও দেন তিনি।

অন্যদিকে সরেজমিনে দেখা যায়, নির্মিত সীমানা প্রাচীর ও পাশের প্লটের মাঝখানে আনুমানিক এক ফুটের মতো জায়গা রয়েছে। সেখানে কয়েকটি গাছও রয়েছে। এ ছাড়া বেলাল হোসেনের বিকল্প চলাচলের পথটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সম্রাটের ভাই রানা নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে।

এ বিষয়ে নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, বেলাল হোসেন নামে একজন লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পৌর বিধি অনুযায়ী পরপর দুটি নোটিশ দেওয়া হয়েছে। পৌরসভার আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সব মিলিয়ে চলাচলের পথ নিয়ে বিরোধে চরম ভোগান্তিতে রয়েছেন বেলাল হোসেন ও তার পরিবার। পৌরসভা থেকে পরপর দুটি নোটিশ দেওয়ার পরও এখন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দ্রুত তদন্ত করে চলাচলের পথ উন্মুক্ত করার পাশাপাশি বিরোধের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।