রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আমিনুল ইসলাম রিয়াদ (৩৯) নামের এক মসজিদের ইমামকে মাসআলা জানার কথা বলে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৮টার সময় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ইমাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ইমাম আমিনুল ইসলাম রিয়াদ কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজার এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশক মিয়াজি জামে মসজিদে ইমামতি করেন।
আমিনুল ইসলাম জানান, বুধবার এশার নামাজের পর তিনি মসজিদে অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক এসে দুটি মাসআলা জানার কথা বলে তাঁকে মসজিদের বারান্দায় নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা আরও ১৫ থেকে ১৬ জন যুবক লোহার রড ও লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে মসজিদের পাশে ফেলে রেখে চলে যান হামলাকারীরা। তাঁর দাবি, হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে গেছেন।
ইমাম বলেন, মারধরের সময় হেলমেট পরা এক ব্যক্তি তাঁকে উদ্দেশ করে বলেন, ‘নবীপুর থেকে এখানে চাকরি নিতে আসলি কেন?’ আরেকজনকে বলতে শোনেন, ‘আমার বোনের সংসার কেন শেষ করলি?’
মসজিদ সমাজের সভাপতি মিজানুর রহমান বলেন, আমিনুল ইসলাম আট মাস ধরে ওই মসজিদে ইমামতি করছেন। কারও সঙ্গে তাঁর কোনো দেনা-পাওনার বিষয় নেই। কেন তাঁর ওপর এমন হামলা হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না।
আহত ইমামের ভাই সাজেদুল ইসলাম বলেন, তাঁরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
