ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
November 26, 2026 2:24 pm
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ‘স্বনির্ভর প্রাণিসম্পদ গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান রানা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার সমন্বয়ক সাইদুর ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, খামারি এসএম আব্দুর রব জুপিটার, জুলফিকার হায়দার ও ব্যবসায়ী আবু সাঈদ মন্টু।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি জরুরি। দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তারা আরও বলেন, এ খাতকে সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রাণীর রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়।