নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় এক শিক্ষকের বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এবার ভুক্তভোগী নারী ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় মিথ্যাচারের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সংবাদ প্রকাশের পর অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন, স্কুলের পরিচালক শহীদ প্রাং এবং তাদের সঙ্গে আরও ৫-৬ জন ব্যক্তি ভুক্তভোগীর বাপের বাড়িতে গিয়ে হুমকি-ধামকি প্রদান করেন। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এবং আপোষের জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে ৬ লাখ টাকার বিনিময়ে আপোষ করতে বলেন। অন্যথায় সাংবাদিকদের কাছে কোনো তথ্য দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এছাড়া অভিযুক্তরা স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) কালাম ও এলাকাবাসীর কাছে গিয়ে ভুক্তভোগী নারী সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার সামাজিক মানহানির চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, “সংবাদ প্রকাশের পর থেকেই তারা আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে। বাড়িতে এসে ভয়ভীতি দেখিয়েছে, মেরে ফেলার হুমকিও দিয়েছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানার এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, একটি গুরুতর অভিযোগের ঘটনায় ভুক্তভোগীকে হুমকি ও মানহানির চেষ্টা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
