কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে চলাচলের পথ সংস্কারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরকালী ৩ নম্বর ওয়ার্ডের হাজী ইমান আলী সারেং বাড়ির বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান মিয়া নিজ বাড়ির চলাচলের পথ সংস্কারের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির মৃত ইসমাইল হোসেনের ছেলে মুক্তার হোসেন তার সহযোগীদের নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় শাহজাহান মিয়ার স্ত্রী আয়েশা আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গত ৩১ মার্চ রাতে মুক্তার হোসেনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২-৪ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। অন্য আসামিরা হলেন— মোবাশ্বেরা বেগম শিরিন, মোশারফ হোসেন রিংকু ও নেয়ামত উল্যাহ রিয়াদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আয়েশা আক্তারকে আঘাত করে গুরুতর জখম করে এবং তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পাশাপাশি চলাচলের পথে লাগানো বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, প্রধান আসামি মুক্তার হোসেনকে বুধবার ভোরে গ্রেফতার করে নোয়াখালী জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
