এস এ ডিউক ভূঁইয়া তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের কৃতি সন্তান হাসান বশির মুন্সির সুযোগ্য নাতনি এবং আল মামুন মুন্সির বড় মেয়ে মাহিয়া মেহজাবিন মিমো ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে আনন্দের আবহ।
মাহিয়া মেহজাবিন মিমো ঐতিহ্যবাহী মাছিমপুর আর আর ইনস্টিটিউশন থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত জিপিএ-৫ অর্জন করে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ, অধ্যবসায় ও নিয়মিত প্রচেষ্টাই তাকে এই সাফল্যের পথে এগিয়ে নিয়েছে বলে জানান তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে মাহিয়া মেহজাবিন মিমো জানায়, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন চিকিৎসক হওয়াই তার স্বপ্ন। চিকিৎসক হয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে। তার স্বপ্ন শুধু নিজের ভবিষ্যৎ গড়া নয়; জ্ঞান ও মানবিকতার আলোয় মানুষের জীবনকে স্পর্শ করাই তার অন্যতম লক্ষ্য।
মিমোর বাবা আল মামুন মুন্সি মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “আমার মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে একজন সৎ, যোগ্য, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে—এ জন্য সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
মিমোর এই সাফল্যে তার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার স্বপ্নপূরণের পথ যেন আরও সাফল্যমণ্ডিত হয় এবং ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারে—এই প্রত্যাশায় তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন তারা।
