মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে দেশকে অস্থিতিশীল করার অপপ্রচার, সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা এবং সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় মহম্মদপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে মহম্মদপুর সালিমা হক মহিলা ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনও কার্যালয় ঘুরে মহম্মদপুর বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমুর আলী মৃধা, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মুকুল, আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, ছাত্রদলের শাকিল সরদার প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
