বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে টিউবওয়েল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে মাস্তুল ফাউন্ডেশন ও উপজেলা প্রশানের উদ্যোগে বোদা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বোদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের এডিশনার সিইও আবু মো. কামরুজ্জামান, বোদা থানার ওসি সোহেল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মারুফ অনু এবং মাস্তুল ফাউন্ডেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম শাহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাস্তুল ফাউন্ডেশন মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ করছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, তারা এ অঞ্চলের মানুষের উন্নয়নে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে কাজ করবে। আমি ব্যক্তিগত ও সরকারি পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করব।”
মাস্তুল ফাউন্ডেশনের এডিশনার সিইও আবু মো. কামরুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮ জন উপকারভোগীর মাঝে টিউবওয়েল এবং একজন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, টিউবওয়েল স্থাপনের সমুদয় খরচ ফাউন্ডেশন বহন করবে এবং সেলাই মেশিনপ্রাপ্ত নারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
