স্টাফরিপোর্টার মাগুরা।। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরার মহম্মদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য ও নানামুখী মানবিক কর্মসূচির আয়োজন করেছে উপজেলা ছাত্রদল।
উপজেলার জোকা সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ মাঠে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল প্রীতি ফুটবল টুর্নামেন্ট, সুবিধাবঞ্চিত এতিমদের মাঝে অনুদান ও খাবার বিতরণ, দোয়া মাহফিল এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ৮২টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ।
আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য এম. তাওফিক কালাম অভির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।
বক্তব্যে তিনি বলেন, “আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সারা জীবন সংগ্রাম করেছেন। তৃণমূল নেতাকর্মী ও আপামর জনসাধারণের হৃদয়ে তিনি চিরভাস্বর হয়ে থাকবেন।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সম্মানিত সদস্য সৈয়দ আরাফুজ্জামান রিংকু এবং মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. এম.এম. রইচ উদ্দীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা মিয়া, কাজী সালিমা হক মহিলা কলেজের প্রভাষক মো: শিবলী সাদিক, ৫নং বালিদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. রিপন আহম্মেদ, যুবদল নেতা মেহেদি হাসান রাজিব এবং আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল ও সাবেক সদস্য সচিব শহিদুর রহমান হিমুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীগণ প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ীূের হাতে পুরস্কার তুলে দেন এবং স্থানীয় এতিম শিশুদের মাঝে নগদ অর্থ অনুদান ও খাবার বিতরণ করেন। পরিশেষে জোকা সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ প্রাঙ্গণে সবুজ বিপ্লবের অংশ হিসেবে ৮২টি ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।
