মোঃ সাইফুল্লাহ , মাগুরা প্রতিনিধি :মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ১৯ আগস্ট সদর উপজেলার ঢাকা রোড ও রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার কোন সাবান বা হ্যান্ডওয়াশ নাই অর্থাৎ টয়লেট শেষে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার না করেই নোংরা হাতে হোটেলের খাবার তৈরি করছেন কর্মচারীরা। ফ্রিজের মধ্যে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে রাখা হয়েছে, বারবার নিষেধ করার পরেও খাবারে ব্যবহার করছেন মানব স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ ছাপা কাগজের ঠোংগা। এসমস্ত অপরাধে ঢাকা রোডে মেসার্স রতন হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে রামনগর এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রাজধানী বেকারিকে অস্বাস্থ্যকরভাবে বেকারি পণ্য তৈরির অপরাধে ৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং একই সাথে প্রতিষ্ঠানটিকে ০৭ দিন কার্যক্রম বন্ধ রেখে কারখানার পরিবেশ উন্নয়নের নির্দেশ দেওয়া হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ফয়জুল কবীর ও মাগুরা জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক মোঃ সজল আহমেদ।
