ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

Mahamudul Hasan Babu
August 25, 2026 12:37 pm
Link Copied!

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী।ময়মনসিংহে ‘ডক্টর পেট কেয়ার’ ক্লিনিকের ড. আশিকুর রহমান এবং ‘ভেট অ্যান্ড পেট কেয়ার’ ক্লিনিকের ড. আব্দুল হান্নানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে ‘ফ্যাকাল্টি অব অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন’-এর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা চিকিৎসকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​অনুষদের শিক্ষক ড. রুম্মান হোসেন তুহিন বলেন, “২০ আগস্ট ঘটে যাওয়া এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে দ্রুত জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

​শিক্ষক ড. নিয়ামত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “ভবিষ্যতে যেন কোনো কুচক্রী মহল এ ধরনের দুঃসাহস দেখাতে না পারে, সেজন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে দেশের সব ভেটেরিনারিয়ানকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”

​আক্রান্ত চিকিৎসকদের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. খালিদ হাসান সুমন বলেন, “ভিকটিম দুজনই আমার সহপাঠী এবং অত্যন্ত বিনয়ী। এই নৃশংস হামলার বিচারে প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি, যাতে ভবিষ্যতে কোনো ভেটেরিনারিয়ানের ওপর আঘাত হানার সুযোগ কেউ না পায়।”

​মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে কড়া হুঁশিয়ারি দিয়ে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. রুবেল রানা বলেন, “অনতিবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের কোনো গাফিলতি পরিলক্ষিত হলে ভেটেরিনারি অনুষদের সব শিক্ষার্থী ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”