ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে পানিতে পড়ে কৃষকের মৃত্যু

Mahamudul Hasan Babu
August 26, 2026 9:53 am
Link Copied!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জে বালিয়াঘাটা বিলে গরুর জন্য ঘাস ধুতে গিয়ে পানিতে পড়ে ওয়াদুত মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিলে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াদুত মিয়া উপজেলার চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গরু পালন করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে গরুর জন্য কাটা ঘাস ধুতে বালিয়াঘাটা বিলে যান ওয়াদুত মিয়া। বিলের পানিতে ঘাস ধোয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানিতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসেকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে বিলের পানিতে উদ্ধার অভিযান চালায় পর পানির নিচ থেকে ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে পানির নিচ থেকে কৃষক ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করে।’
চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।