নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পোরশায় ভূমি অফিস সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে চাঁদাবাজসহ বিভিন্ন অপবাদ দেওয়ার অভিযোগে আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নওগাঁর আদালতে মামলাটি দায়ের করেন সাংবাদিক সবুজ হোসেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সংবাদ প্রকাশের পর আমির উদ্দিন বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের ছবি প্রকাশ করে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালান। একই সঙ্গে সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে সাংবাদিকদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার ও হুমকি দেওয়া হয়েছে।
সাংবাদিক সবুজ হোসেন বলেন, “সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হুমকি, হয়রানি বা মানহানিকর অপপ্রচার মেনে নেওয়া হবে না। এ ঘটনায় ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতের আশ্রয় নিয়েছি।”
এদিকে, মামলায় করা অভিযোগের বিষয়ে আমির উদ্দিন বাবুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্ব আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
