রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে জমজম হোটেলসহ অন্তত ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দক্ষিণ বাজার এলাকায়।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন একটি মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় মসজিদ থেকে দেওয়া হয় আজান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার ফাইটারদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেন স্থানীয় শত শত মানুষ। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সম্পূর্ণ পুড়ে যায় রিপন মদকের মুদি দোকান, জমজম হোটেলসহ অন্তত ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হাসান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিতে ঘটনাস্থলে যান বণিক সমিতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।
তবে আগুনের সূত্রপাত কীভাবে—বৈদ্যুতিক শর্ট সার্কিট, নাকি অন্য কোনো কারণে—তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।
