রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্ত প্রতিনিধি: ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে নাগেশ্বরী ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে সচেতনতামূলক র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে র্যালির পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্ত সংগ্রহসহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, রোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
আয়োজকরা জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এর ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এসব কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
