গোপালগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নজিরবিহীন লকডাউন পালিত হয়েছে। গত রাত থেকেই জেলাজুড়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর পাশাপাশি কাঁচা বাজার ও ওষুধের দোকানসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষের মিছিলে উত্তাল হয়ে ওঠে পুরো জনপদ। বিক্ষোভকারীদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভোর হওয়ার সাথে সাথে গোপালগঞ্জ সদরসহ জেলার টুঙ্গীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়ায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে রাস্তাঘাট নিজেদের দখলে নিতে শুরু করে। সহিংসতার একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুকসুদপুর থানায় আগুন ধরিয়ে দেয়। এছাড়া গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের মহেশপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
অন্যদিকে, বিক্ষুব্ধ জনতা গোপালগঞ্জ সদর আসনের এমপি ডা. কে এম বাবরের ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। স্থানীয় সূত্র জানায়, ডা. কে এম বাবরের গ্রামের বাড়িতেও বিক্ষোভের পর আগুন দেওয়া হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে। স্থানীয় সূত্রে আলো জানা যায় গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ এইচ খান মঞ্জুর গোপালগঞ্জের বাসভবনে হামলা ভাঙচুর আগুন দেয়া হয়।
শহরের ভেতরেও ব্যাপক নাশকতা ও বিক্ষোভের ঘটনা ঘটে। পোস্ট অফিসের মোড় এলাকায় ‘এফএনএফ’ নামে একটি সুপার শপ ও রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। চৌরঙ্গী ও লঞ্চঘাট এলাকায় দফায় দফায় মিছিল চলে। সদর উপজেলার ঘোনাপাড়া, গোবরা, মাদ্রাসা বাজার ও নীলার মাঠ এলাকায় রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়। পাশাপাশি গোপীনাথপুর, চন্দ্রদিঘলিয়া, হরিদাসপুর, পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম এলাকায়ও সড়ক অবরোধ ও ব্যারিকেড দিয়ে রাখে বিক্ষোভকারীরা।
আজকের এসব মিছিলে আওয়ামী লীগের অনেক পলাতক নেতাকে প্রকাশ্যে দেখা গেছে। দীর্ঘদিন পর গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠুকে মিছিলে অংশ নিতে দেখা যায়। এ ছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল এবং যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক তনু এসব মিছিলের নেতৃত্ব দেন। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ইলিয়াস হক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্বাসসহ দলটির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী মাঠে সক্রিয় ছিলেন।
দিনভর মিটিং, মিছিল ও সহিংসতা চললেও কোথাও প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি; জেলায় প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, এই উত্তাল পরিস্থিতিতে বিএনপি, জামায়াত কিংবা এনসিপির কোনো তৎপরতা গোপালগঞ্জে দেখা যায়নি।
