পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে টাকা আত্মসাৎ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এছাড়া ওই চেয়ারম্যান তার অনিয়ম ঢাকতে ও চেয়ার বাঁচাতে ইউনিয়ন পরিষদের সদস্যসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ঘিরে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য ও মিথ্যা অভিযোগ তোলার অভিযোগও উঠেছে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ইউনিয়ন পরিষদের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম এবং সরকারি সহায়তার বরাদ্দের অর্থ উত্তোলনের করেন। সেই হিসাব তিনি কারো কাছে না দিয়ে বরং হিসাব চাইলে উল্টো হয়রানী করা হয় বলে অভিযোগ ওই ইউনিয়নর ইউপি সদস্যদের।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাতের অর্থ নিজের নিয়ন্ত্রণে রেখে অনিয়ম করে আসছেন এ ইউপি চেয়ারম্যান।
এছাড়াও ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য অভিযোগ করেন,চেয়ারম্যান তাদের অনেক সময় কোণঠাসা করে রাখতেন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখা হতো না। একই ব্যক্তির নামে একাধিকবার বরাদ্দ দেখিয়ে টাকা উত্তোলনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।
ইউপি সদস্যদের আরও অভিযোগ, তাদের নিয়মিত সম্মানী ভাতা প্রদান করা হতো না। এমন কি ইউনিয়ন পরিষদের ট্যাক্সের অর্থ উত্তোলন করেও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রকল্প চেয়ারম্যান না হয়েও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিজের বাসভবনে বসেই সেই অর্থ বণ্টন করতেন বলেও অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যের নিয়ে ফেসবুকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে তাদের হয়রানী করাসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে।
এদিকে চেয়ারম্যান আশরাফুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের পেক্ষিতে তদন্ত কমিটি তদন্তে নামলে তার বিরুদ্ধে অনেক অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি৷
একটি তদন্তের প্রতিবেদনের সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিভিন্ন খাতে একাধিক চেকের মাধ্যমে অস্বাভাবিক পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে। বিশেষ করে স্টেশনারি খাতে বারবার বড় অঙ্কের টাকা উত্তোলনকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি
প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে আর্থিক সহায়তার নামে প্রায় ১ লাখ ৭৯ হাজার টাকা বিতরণের তথ্য ক্যাশ বইয়ে থাকলেও সংশ্লিষ্ট কোন আবেদনপত্র, অনুমোদন বা হিসাব রেজিস্টার পাওয়া যায়নি। এছাড়া আপ্যায়ন, স্টেশনারি, কর আদায় কমিশন ও গাড়ি মেরামত খাতে লক্ষাধিক টাকা বিল -ভাউচার ও ইউনিয়ন পরিষদের অনুমোদন ছাড়াই উত্তোলনের অভিযোগে সত্যতা পাওয়া গেছে। এমনকি বিধিমালা অনুযায়ী সংরক্ষণযোগ্য হিসাব রেজিস্টারও রাখা হয়নি। পরিষদের অনুমোদন ও যথাযথ প্রমাণপত্র ছাড়াই বিভিন্ন ব্যক্তির নামে চিকিৎসা সহায়তার কথা দেখিয়ে অর্থ উত্তোলনের বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ‘ডেভিল হ্যান্ড’ নামে একটি অভিযানে চেয়ারম্যান আশরাফুল ইসলাম গ্রেপ্তার হওয়ায় আইন অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে বহিস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পত্র প্রেরণ করা হয় এবং নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যান শাহজাহান সিরাজ দায়িত্ব পালন করেন৷
এদিকে গত ৫ মার্চ কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের চেষ্টা করছেন কিন্তু মন্ত্রলায় কতৃক বহিস্কার আদেশ বা অন্য কোন নিদের্শনা না পাওয়া পর্যন্ত প্রশাসনিক জটিলতা এড়াতে তাকে মৌখিক ভাবে দায়িত্ব পালন হতে বিরত থাকার জন্য ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস মৌখিক নির্দেশনা প্রদান করেন৷ কিন্তু নির্দেশনা অমান্য পরিষদে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করাসহ ও ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা অন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন বিভ্রান্তিকর ফেসবুকে পোস্ট ও ভিডিও প্রচার করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য করায় উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান৷
এবিষয়ে শালবাহান ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন,ইউপি সদস্যরা হিসেবে যে সম্মান বা মর্যাদা পাওয়ার কথা সেই মর্যাদা টুকু দেয়নি আমাদের চেয়ারম্যান। তিনি তার খেয়াল খুশিমতো কাজ করেন৷ তিনি ভিজিএফসহ বিভিন্ন কার্ড বিতরনের সময় ইউপি সদস্যদের নামমাত্র কয়েকটি কার্ড বিতরনের জন্য দিয়ে তিনি তার মতো করে সব কার্ড বিতরন করেন। তিনি পরিষদের অর্থ বিভিন্ন নামে-বে-নামে উত্তোলন করেন৷ ব্যাংকে উত্তোলন করার মতো কোন টাকা থাকলে তিনি উত্তোলন করে ফাঁকা করে দেন৷ কিছু হলেই তিনি ফেসবুকে লাইভে চলে যান৷ আমরা এসবের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চাই।
একই অভিযোগ করেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম,তিনি বলেন,আমাদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির শেষ নেই৷ তিনি একেক জনের নামে বার বার বরাদ্দ দিয়ে টাকা আত্মসাৎ করেন৷ তিনি তার আমাদের ইউপি সদস্যদের রেখে বরাদ্দের টাকা উত্তোলন করে বাড়িতে নিয়ে আসেন।
এদিকে আমিনুর রহমান নামে আরেক ইউপি সদস্য বলেন,আমরা যে প্রজেক্ট করতাম সেই টাকা চেয়ারম্যান সাহেব তুলে বাড়িতে নিয়ে আসতো৷ সেখান থেকে ১৫% টাকা কাটে নিতো। তিনি আমাদের ইউপি সদস্যদের যে ভাতা সেখানেও তিনি ভাগ বসিয়ে কেটে নিয়েছেন।
এদিকে ফেসবুকে বিভ্রান্তকর তথ্য ও ফেসবুক অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে উপজলার ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, আশরাফুল চেয়ারম্যান যেটা করেছে সেটা ঠিক করেননি৷ সে যেটা করছে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে৷ তেঁতুলিয়ার সম্মানহানী হলো। তার সমস্যা হয়েছে বলতে পারতো,সবাই বসে সমাধান করা যেতো৷ ইউএনও মহাদয় ভাল মানুষ৷ আমরা শতভাগ কাজ করার পর তদন্ত করা হয় পরে আমাদের বিল দেয়া হলে আমরা বিল উত্তোলন করি।
এদিকে অভিযুক্ত শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে ওল্টো ইউএনও হাতে হয়রানি ও ঘুষ ছাড়া প্রকল্প পাস না করার অভিযোগ করেন৷
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন,ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসলে তা তদন্ত করা হয়েছে এবং চলমান রয়েছে৷ তিনি আরও বলেন, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কর্তৃক ওই চেয়ারম্যান গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য আইন অনুযায়ী তার বিরুদ্ধে চলমান ৪টি ফৌজদারী মামলার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিতভাবে জানোনা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মসহ ইউনিয়ন পরিষদ ও রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থি অভিযোগও রয়েছে।
