মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ হলরুমে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ ( এডাব) মাগুরা শাখা এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল ধারণাপত্র পাঠ করেন এডাব মাগুরা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানে এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। সেমিনারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু মুসা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুণ কুমার গুহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিকুল ইসলাম, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের, মাগুরা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক নাসিমা শিলা ও এডাব মাগুরা জেলা শাখার সদস্য সচিব সাবিনা ইসলাম মেরী। সেমিনারে জানানো হয়, এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। বর্তমানে সারাদেশে এডাব ৬১ জেলায় জাতীয়ভাবে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে এনজিও কার্যক্রমের সমন্বয় ও প্রতিনিধিত্ব করে আসছে। সেমিনারে বক্তারা বলেন, সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় ও ও সহযোগিতা জোরদার করা একান্ত প্রয়োজন। সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় না থাকলে স্থানীয় সংস্থা সমূহ সঠিকভাবে কাজ করতে পারে না। তাই প্রশাসনের প্রতি স্থানীয় সংস্থাসমূহের সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য জোর দাবি জানানো হয়। কারণ অসংগঠিত, পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়নে এনজিওদের ভূমিকা অনেক।
