আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:সরকারি অফিস ফাঁকি দিয়ে করেন প্রাইভেট চেম্বার এমন অভিযোগ ডাঃ আরোজ উল্লাহর বিরুদ্ধে। এছাড়া নানা অভিযোগে জর্জরিত বামন্দির সেন্ট্রাল হসপিটাল।
মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দি সিনেমা হলের সামনের সড়কে অবস্থিত সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্ট্রার সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে, করছে রমরমা ব্যবসা । নেই কোন প্রশিক্ষিত ডাক্তার এবং নার্স, এলাকার কয়েকজন অদক্ষ মেয়ে নিয়ে এই ক্লিনিক পরিচালনা করছে ডাক্তার আরোজুল্লাহ।
ক্লিনিকের এম ডি হিসেবে দায়িত্ব পালন করছেন হগলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম। সেন্ট্রাল হসপিটালের মালিক ডাক্তার আরোজউল্লাহ তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের একজন ডাক্তার। তিনি সরকারি অফিস ফাঁকি দিয়ে নিজের ক্লিনিকে সময় দিচ্ছেন যেটা রাষ্ট্রীয় আইনের বহির্ভূত।
সরকারিভাবে ক্লিনিক পরিচালনার জন্য যে ছাড়পত্র লাগে তা না নিয়ে তিনি এই ক্লিনিক দিয়ে মানুষের সাথে প্রতারণা ও হয়রানি করে আসছেন।
স্থানীয়দের দাবী, সেন্ট্রাল হাসপাতালে সার্বক্ষণিক ডাক্তার থাকার কথা থাকলেও সরেজমিনে গিয়ে কোন ডাক্তার পাওয়া যায় না।
স্থানীয়রা আরও বলেন, ডাঃ আরোজ উল্লাহ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এই ক্লিনিকে রোগী দেখছেন যেটা সরকারি আইনের বহির্ভূত। এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
সেন্ট্রাল হসপিটালে ছোট্ট একটি মেয়ে কাউন্টারে বসে থাকা অবস্থায় তাকে ডাক্তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বর্তমানে কোন ডাক্তার নেই। সবাই বাহিরে রয়েছে। সেন্ট্রাল হসপিটাল কিভাবে চলে? এমন প্রশ্নে মেয়েটি বলে এমডি সাহেবের নাম্বার নিন।
পরে সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের এমডি শফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কোন ছাড়পত্র লাগেনা, ডাক্তার থাক না থাক সেটা আমাদের ব্যাপার। সাংবাদিকদের দেখার কিছু নেই। আমরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলে ক্লিনিক পরিচালনা করি।
এ ব্যাপারে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আজিজ জানান, সেন্ট্রাল ক্লিনিকের বিষয়ে আমি অবগত না। খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে মেহেরপুর সিভিল সার্জনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান,যারা সরকারি ভাবে ছাড়পত্র ছাড়া হসপিটাল বা ক্লিনিক দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
