ঢাকাSunday , 29 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিএনপি’র ব্যানারে প্রতিবন্ধীর দোকান দখল: ছয় মাসেও কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন

Mahamudul Hasan Babu
March 29, 2026 9:55 am
Link Copied!

সবুজ হোসেন,নওগাঁ: নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বরাদ্দপ্রাপ্ত দোকানঘর দখলের অভিযোগের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা এ অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হলেও বাস্তব অগ্রগতি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ অক্টোবর সকালে দুবলহাটি ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির ব্যানারে কয়েকজন নেতা দোকানঘরটি ভেঙে নতুন নির্মাণকাজ শুরু করেন। এ সময় নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত চান্দু মেম্বার।
দোকানঘরটির বরাদ্দপ্রাপ্ত শারীরিক প্রতিবন্ধী রাজ্জাক (রাজা) জানান, জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দে পাওয়া দোকানটি ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। “আমি অসহায় মানুষ। ছয় মাস ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো প্রতিকার পাইনি,” বলেন তিনি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শান্ত জানান, সরকারি ছুটির দিনকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে দোকানটি দখল করা হয়। “লোকজন জড়ো হওয়ার আগেই তারা দোকান ভেঙে ভেতরে কাজ শুরু করে”।
ঘটনার পর নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন তদন্তের নির্দেশ দেন এবং সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, তদন্ত শেষে একটি উচ্ছেদ সংক্রান্ত কেস নথি প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের দপ্তর জানিয়েছে, কেসটি অনুমোদিত হয়েছে এবং ম্যাজিস্ট্রেট নিয়োগও দেওয়া হয়েছে। তবে এখনো জেলা প্রশাসকের চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে পুরো প্রক্রিয়া।
এদিকে ভুক্তভোগীর অভিযোগ, ইউএনও তাকে ডেকে জানান “যেহেতু বিএনপির ব্যানারে দখল হয়েছে, সরাসরি পদক্ষেপ নিতে পারছি না। বিষয়টি এমপি মহোদয়কে জানানো হয়েছে। তিনি ব্যবস্থা না নিলে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে।”
এই বক্তব্যকে কেন্দ্র করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
রাজ্জাক জানান, গত ছয় মাসে তিনি অন্তত ৪০ থেকে ৫০ বার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়েছেন। “প্রতিবারই আশ্বাস পাই, কিন্তু কোনো কাজ হয় না। এখন আমি সম্পূর্ণ নিরুপায়”।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের মতে, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি সম্পত্তি দখল করা শুধু বেআইনি নয়, চরম অমানবিকও। তারা দ্রুত দখলদারদের উচ্ছেদ এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দীর্ঘ ছয় মাসেও একটি উচ্ছেদ প্রক্রিয়া কেবল প্রশাসনিক স্বাক্ষরের অপেক্ষায় আটকে থাকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ধীরগতির প্রতিফলন বলে মনে করছেন সচেতন মহল। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন ভুক্তভোগীর অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগী যেসব অভিযোগের কথা বলেছেন তা সত্য নয় এবং এমপি মহোদয়কে জানানোর বিষয়টিও সত্য নয়।
উল্লেখ্য গত ৯মার্চ সোমবার দুপুর ২:৩০ ঘটিকার দিকে ৩জন গণমাধ্যমকর্মী এবং নওগাঁ সদর উপজেলা বিএনপি’র সভাপতির সামনেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন ভুক্তভোগী প্রতিবন্দী রাজ্জাক (রাজা) কে প্রতিশ্রুতি প্রদান করেন এবং বলেন এমপি স্যার কে বিষয়টি অবগত করা হয়েছে যদি কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।