আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার নামালেন ইউনিয়নে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হল বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান (৫৫)। তিনি বর্তমানে কুন্দিপুর গ্রামের বসবাস করেন।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জ্যাকেট পরিহিত এক ব্যক্তি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে তার দেহ তল্লাশির সময় আসামীর ডান পকেটে দু’টি পোটলায় ১০০ পিস ও দেওয়া তথ্য অনুযায়ী, পরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একই সঙ্গে আসামীর বসতবাড়িতে মাদক বিক্রয়ের গোচ্ছিত নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
