আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুরে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি খালপাড়ে একটি গাছের চারা রোপণ করেন। পরে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “খাল খননের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। খালের দুই পাড়ে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “বর্ষাকালে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিলটন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর-2 আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রায় ২৪ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ১০০ মিটার জিয়া খাল পুনঃখনন করা হচ্ছে, যা স্থানীয় কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
