ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় যুবকের মৃত্যু

Mahamudul Hasan Babu
April 12, 2026 4:03 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরে জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে বাঁধ কাটতে গিয়ে আরমান মিয়া (১৯) নামে এক যুবকের মাটির নিচে চাপা পরে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাইলানী গ্রামের ছানফর আলীর একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালা হাওরের পানি দীর্ঘদিন ধরে নিষ্কাশন না হওয়ায় কৃষকরা মারাত্মক দুর্ভোগে পড়েন। এ বিষয়ে প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে বাঁধ কাটা সম্ভব হয়নি। ফলে হাওরের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বোরো ধান পানির নিচে তলিয়ে যেতে শুরু করে এবং ফসলে পচন ধরে।
এ অবস্থায় হাওরপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা নিজেরাই উদ্যোগ নিয়ে গোঁড়াডুবা উপ-প্রকল্পের শোলডুয়ারী বাঁধ কাটার সিদ্ধান্ত নেন। যদিও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পক্ষ থেকে আগে থেকেই এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা ছিলো ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (১২ এপ্রিল) সকাল ১১ টার দিকে শতাধিক কৃষক বাঁধ কাটতে গেলে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে আরমান মিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৃষকদের দাবি, সময়মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাঁধ কাটতে গিয়েছিলেন।
উল্লেখ্য, হাওরাঞ্চলে জলাবদ্ধতা নিরসন ও ফসল রক্ষায় বাঁধ ব্যবস্থাপনা নিয়ে প্রতিবছরই নানা জটিলতা দেখা দেয়, যা স্থানীয় কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত সঞ্জয় ঘোষ বলেন, বাঁধ কাটার বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।