সবুজ হোসেন, নওগাঁ:পরিবেশ দূষণ রোধে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নওগাঁ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদ।
অভিযান চলাকালে একটি কনফেকশনারি দোকানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩.৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে পলিথিন ব্যবহার করছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা শুধু জরিমানা করতেই আসিনি, ব্যবসায়ীদের সচেতন করাও আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে কেউ যেন পলিথিন ব্যবহার না করেন সে বিষয়ে কঠোরভাবে নজরদারি অব্যাহত থাকবে।”
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। তিনি বলেন, “পলিথিন মাটিতে সহজে মিশে না গিয়ে দীর্ঘদিন পরিবেশের ক্ষতি করে। এটি ড্রেনেজ ব্যবস্থায় বাধা সৃষ্টি করে এবং জলাবদ্ধতার অন্যতম কারণ। তাই পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।”
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হচ্ছে। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সবাইকে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
