সবুজ হোসেন, নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার ছিনতাই, বসতবাড়ি ভাঙচুর এবং শ্লীলতাহানির অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মোছাঃ ডেজী নওগাঁ সদর মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তাদের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং বিষয়টি আদালতেও বিচারাধীন রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১১ এপ্রিল স্থানীয়ভাবে বৈঠকের একপর্যায়ে আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে এবং প্রায় ১৪ মণ ইরি ধান কেটে নষ্ট করে, যার আনুমানিক ক্ষতি ২০ হাজার টাকা।
এতে বাধা দিতে গেলে হামলাকারীরা লাঠি, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে মোছাঃ ডেজী, তার বোন পরি বেগম, টপি বেগম, ভাতিজি খুশি আক্তার এবং ভাতিজা হেলাল হোসেনসহ কয়েকজন আহত হন।
এছাড়া হামলার সময় ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কার ছিনতাই এবং বসতবাড়িতে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ করা হয়েছে। নারীদের শ্লীলতাহানির অভিযোগও উল্লেখ করা হয়েছে এজাহারে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি এ বিষয়ে পূর্বে বলেছেন এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
