ঢাকাWednesday , 15 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ঘিরে জরুরি সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
April 15, 2026 9:36 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ জেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বৃহৎ পরিসরের টিকাদান কর্মসূচি সফল করতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ। এসময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. আমিনুল ইসলাম বলেন, “আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত নওগাঁ জেলার ১১টি উপজেলায় একযোগে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন পরিচালিত হবে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুদের টিকা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এই টিকা সম্পূর্ণ নিরাপদ, কার্যকর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। টিকা নিয়ে কোনো ধরনের ভীতি বা গুজবে কান না দিয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।”
তিনি জানান, এ কর্মসূচির মাধ্যমে জেলার মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে প্রায় ৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “জেলায় ইতোমধ্যে সন্দেহভাজন হাম আক্রান্ত ২৪১ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে টিকাদান কর্মসূচি অত্যন্ত জরুরি।”
ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, “এই ক্যাম্পেইন সফল করতে প্রতিটি উপজেলায় পর্যাপ্ত টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে টিকা প্রদান করা হবে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।” তিনি আরও জানান, “আমরা ইতোমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছি। টিকার সুষ্ঠু সংরক্ষণ, পরিবহন ও নিরাপদ প্রয়োগ নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হয়েছে।”
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “নির্ধারিত তারিখে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করুন। এটি শুধু আপনার সন্তানের সুরক্ষাই নয়, পুরো সমাজকে মহামারি থেকে রক্ষা করবে।”
সংবাদ সম্মেলন থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা এ কর্মসূচিকে সফল করতে সক্রিয় সহযোগিতা করেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। তাই কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে না পড়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।