আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: ১৯৮০ সালে মুক্তি পাওয়া শিশুতোষ চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র গল্প যেন বাস্তবে ফিরে এলো মেহেরপুরে। তবে এবার ঘটনার পরিণতি বেদনাদায়ক হয়নি—কয়েক ঘণ্টা পরই উদ্ধার করা হয়েছে আটকে পড়া এক শিক্ষার্থীকে।
বুধবার বিকেলে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল ৪টায় স্কুল ছুটি হলে শিক্ষকরা নিয়মমতো বিদ্যালয় ত্যাগ করেন। এ সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া অসাবধানতাবশত স্কুলের বাথরুমে আটকা পড়ে যায়। কিছুক্ষণ পর ভয় পেয়ে সে কান্নাকাটি ও চিৎকার শুরু করলে তার আওয়াজ বাইরে থাকা পথচারীদের কানে পৌঁছায়।
খবর পেয়ে শিশুটির বাবা মনিরুল ইসলাম দ্রুত স্কুলে এসে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করা হয়। কিন্তু ভবনের কলাপসিবল গেট বন্ধ থাকায় শিশুটিকে বের করতে সমস্যা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা স্কুলের এক শিক্ষিকাকে ডেকে আনেন। তার উপস্থিতিতে অবশেষে সাদিয়াকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
জানা যায়, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা স্কুল ভবন ও মূল ফটকে তালা দিয়ে চলে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার বিষয়ে জানতে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাত ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি।
ইউএনও বলেন, “মেয়েটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, এটিই স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হবে। বৃহস্পতিবার শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে।”
