বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় জ্বালানি তেলের অবৈধ মজুতরোধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম । এসময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে ২ জনকে কারাদণ্ড ও ১ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৫টি বাড়ী থেকে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩০০ লিটারের অধিক প্রেট্রল উদ্ধার করা হয়। কৃত্রিত সংকটের মাধ্যমে অবৈধভাবে প্রেট্রল মজুতের অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ক ধারামতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী গ্রামের মৃত মানিক ইসলামের পুত্র নুরনবী ইসলামকে ১ মাস কারাদন্ড ও বগুড়াপাড়া গ্রামের কুদ্দুসের পুত্র কাবুল কে ৭দিনের কারাদন্ড এবং বৈরাতী গ্রামের আসাদ আলীর পুত্র আশরাফুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতে। এছাড়াও জব্দকৃত প্রেট্রল সাধারণ গ্রাহকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হবে জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ প্রশাসন ও পুলিশ পাঁচপীর ইউনিয়নের ৫টি বাড়ীতে অভিযান পরিচালনা করি। এসময় তাদের বাড়ীর টয়লেট, গোয়ালঘর সহ বিভিন্নস্থানে লুকানো অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩০০ লিটার প্রেট্রল উদ্ধার করে তা জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ জনকে ১ মাসের কারাদন্ড, অপর ১ জনকে ৭ দিনের কারাদন্ড এবং ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মজুত ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
