এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি;কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে এক প্রতিবন্ধী কিশোরকে মারধরের প্রতিবাদ করায় তার চাচা কাপড় ব্যবসায়ী মো. আল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয় এবং তার দোকানে ভাঙচুর চালিয়ে নগদ প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে বাতাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। টিউবওয়েল থেকে পানি আনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্র ১৭ বছর বয়সী প্রতিবন্ধী কিশোর রিফাতকে মারধর শুরু করে। বিষয়টি দেখে তার চাচা আল আমিন প্রতিবাদ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আল আমিনকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তারা তার দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশবাক্সে থাকা প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহত রিফাতের বাবা মো. শাহ আলম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ৪/৫ জনকে আসামি করে তিতাস থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তিতাস থানার (ওসি) তদন্ত মফিজ উদ্দিন
জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
