সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর থানার এক বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত মো. শরিফুল ইসলাম পচাঁ (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম পচাঁ জেলার মান্দা উপজেলার চকজামদই গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহাদেবপুর থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত অভিযানে নওগাঁ সদর থানার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নওগাঁ সদর, মহাদেবপুর, মান্দা ও নিয়ামতপুর থানায় বিভিন্ন সময়ে দায়ের করা মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতি, দস্যুতা, চুরি, হত্যা ও গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এসব মামলা আদালতে বিচারাধীন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
