ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নতুন দুই উপজেলা হিসেবে ভুল্লী ও রুহিয়া অনুমোদনের খবরে উৎসবে মেতেছে স্থানীয়রা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা-অভিনন্দনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকোর বৈঠকে দেশে নতুন আরও ৫টি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ভুল্লী ও রুহিয়ার নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।
জানা গেছে, ৫টি ইউনিয়নের সমন্বয়ে ভুল্লী থানাকে এবং ৬টি ইউনিয়নের সমন্বয়ে রুহিয়া থানাকে নতুন উপজেলায় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরটি প্রকাশের পর থেকেই দুই থানার মানুষে মধ্যে শুরু হয় আনন্দ উদযাপন।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রুহিয়া ও ভুল্লী এলাকায় পৃথকভাবে বের করা হয় আনন্দ মিছিল। মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন উপজেলা ঘোষণাকে স্বাগত জানান।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় সংশ্লিষ্টদের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
স্থানীয়দের দাবি, নতুন উপজেলা বাস্তবায়নের ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এতে দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এদিকে, উপজেলা অনুমোদনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে অভিনন্দনের জোয়ার। স্থানীয় বাসিন্দারা পোস্ট ও স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছেন।
