রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে আদালত।
সোমবার (৯নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে,দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে ইউনুছ আলী তার প্রতিবেশী ২৩ বছর বয়সী এক নারীকে ইশারা ইঙ্গিতে কু-প্রস্তাব দিত। পরবর্তীতে ফোন নম্বর সংগ্রহ করে মোবাইলেও কু-প্রস্তাব ও উত্যক্ত করত।
বিষয়টি ওই যুবকের অভিভাবকদের জানানোর পর সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গত ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই নারী ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা ইউনুছ আলী তাকে বাড়ির পাশের ধান ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই নারীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে ইউনুছ আলীকে আটক করে। পরের দিন ইউনুছ আলীর বাবা-মা ডাংধরা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানকে সাথে নিয়ে ওই রাতেই তাদের বিয়ে সম্পন্ন করতে সম্মত হয়। পরে ইউপি চেয়ারম্যান তার নিজের জিম্মায় আটক যুবক ইউনুছ আলীকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু এরপর থেকে ওই যুবক বিয়ে করতে তালবাহানা শুরু করে। ইউনুছ আলী বিয়ে না করায় গত ৮ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হলে সুস্থ হয় ওই নারী।
এ ঘটনার কয়েকদিন পর ওই বছরের ২৯ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী জামালপুর আদালতে ইউনুছ আলীকে আসামী করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় ৭ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আজ আদালত রায় দিয়েছেন। দীর্ঘ ১০ বছর পর মামলার রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর মেহেদী হাসান।
