আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর ফুটবল বালক বিভাগে গাংনী উপজেলা একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী উপজেলা একাদশ ৩-১ গোলে মেহেরপুর পৌর একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।
খেলার প্রথমার্ধের ৫ মিনিটে আত্মঘাতী গোলে গাংনী উপজেলা একাদশ ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পৌর একাদশের সাজিদ ডি-বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। পরে ১২ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান পৌর একাদশের পাপ্পু। ডি-বক্সের মধ্যে পাপ্পুকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে পাপ্পু গোল করলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে হোসাইনের গোলে আবারও এগিয়ে যায় গাংনী উপজেলা একাদশ। এরপর খেলার শেষ মুহূর্তে নাবিল গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে পৌর একাদশের খেলোয়াড় পাপ্পুকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় পৌর একাদশকে।
খেলায় বিজয়ী দলের নাবিল প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন। এছাড়া বর্ণি ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন। ফাহিম সেরা গোলরক্ষক নির্বাচিত হন।
