ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকার ও বিরোধী দল সাইকেলের দুই চাকার মতো : জামায়াত নেতা গোলাম পরওয়ার

Mahamudul Hasan Babu
May 9, 2026 5:55 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সংসদীয় গণতন্ত্রে সরকারি দল ও বিরোধী দল একটি সাইকেলের দুই চাকার মতো। একটি চাকা ছাড়া যেমন সাইকেল চলে না, তেমনি বিরোধী দল ছাড়া দেশ পরিচালনাও কার্যকর হতে পারে না। দেশ গঠন ও জাতীয় সংকট নিরসনে জামায়াতে ইসলামী সবসময় সরকারকে গঠনমূলক সহযোগিতা দিতে প্রস্তুত।”
শনিবার (৯ মে) দুপুর ১২ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ‘মানবকল্যাণ পরিষদ ট্রেনিং সেন্টার এন্ড রিসোর্টে’ জেলা জামায়াত আয়োজিত ‘সদস্য (রোকন) শিক্ষা শিবির-২৬’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ৭৭ জন সংসদ সদস্য নিয়ে একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে। আমাদের আমির ডা. শফিকুর রহমান পার্লামেন্টের প্রথম দিন থেকেই ‘রেসপন্সিবল’ ও ‘কনস্ট্রাক্টিভ’ রাজনীতির ওপর গুরুত্ব দিয়েছেন। আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করব না। সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে, আর জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে থাকবে শক্ত অবস্থান।”
জ্বালানি সংকট নিয়ে সরকারের সঙ্গে সমন্বয়ের দাবি
দেশের সাম্প্রতিক জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, “জ্বালানি সংকটের সময় পেট্রোল পাম্পগুলোতে মাইলের পর মাইল যানবাহনের লাইন দেখা গিয়েছিল। তখন বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে সংকট সমাধানে সম্মিলিত কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করে কমিটি গঠন করেছেন। এটি একটি নজিরবিহীন উদ্যোগ।”
তিনি আরও বলেন, “অনেকে বলছেন, কমিটি গঠনের পর থেকেই পাম্পের দীর্ঘ লাইন কমে গেছে। এর মাধ্যমে প্রমাণ হয়, জামায়াতে ইসলামী কোনো জাতীয় সংকটকে রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না; বরং বাস্তবসম্মত সমাধান চায়।”
‘ঋণমুক্ত ও স্বনির্ভর বাজেট’ চায় জামায়াত
আগামী ৭ জুন শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনকে সামনে রেখে দলের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে প্রি-বাজেট আলোচনা সম্পন্ন করেছি। আমাদের লক্ষ্য একটি ঋণমুক্ত ও স্বনির্ভর বাজেট প্রণয়ন। এছাড়া সরকারকে গঠনমূলকভাবে সহায়তা করতে এবং প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে সাংগঠনিকভাবে ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের সমালোচনা
নির্বাচন ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া চরমভাবে সংবিধান ও গণতন্ত্রবিরোধী। আমরা এই ‘ব্যাড কালচার’ বন্ধের আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে জামায়াত ও ছাত্রশিবিরের তরুণ, মেধাবী এবং পরিচ্ছন্ন নেতৃত্বকে সামনে রেখে আমরা সব স্তরের নির্বাচনে অংশগ্রহণ করব।”
জুলাই গণভোট ও সংস্কার নিয়ে অভিযোগ
জুলাই গণভোট ও সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “৭০ শতাংশ মানুষের রায়ে ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে মত এলেও সরকার গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে।”
তিনি বলেন, “এই সংকট নিরসনে আমরা পার্লামেন্ট ও রাজপথ—দুই জায়গাতেই সক্রিয় থাকব। আন্দোলনের চূড়ান্ত রূপরেখা সময়ই বলে দেবে।”
আওয়ামী লীগ প্রসঙ্গেও মন্তব্য
 
আওয়ামী লীগের বর্তমান অবস্থা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, “কোনো দল সন্ত্রাস বা সহিংসতার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকার ও আদালতের বিষয়। তবে গণতন্ত্রের সৌন্দর্য হলো—সকল নিবন্ধিত রাজনৈতিক দলের শান্তিপূর্ণ ও বৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করা।”
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম।
উল্লেখ্য, সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই শিক্ষা শিবিরে জেলার প্রায় ৫৫০ জন রোকন সদস্য অংশ নেন। শিবিরে অংশগ্রহণকারীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক চর্চা এবং আদর্শিক মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।