সবুজ হোসেন, নওগাঁ:মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে নওগাঁয় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস, নওগাঁ। এতে সহযোগিতা করে জেলা পরিষদ, নওগাঁ।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, নওগাঁর প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক। এ সময় তিনি বলেন, সরকারের ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা সম্প্রসারণ, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভিত্তিক সেবা প্রদান এবং কৃষি ঋণ মওকুফের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক স্বস্তি দেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়।
জেলা তথ্য অফিসার কর্মসূচিগুলোর বাস্তবায়ন অগ্রগতি, সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয় এবং মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। তিনি জানান, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় জেলার বিভিন্ন উপজেলায় কার্যক্রম চলমান রয়েছে এবং তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
