এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, দেশে বর্তমানে ইরি-বোরো মৌসুম চলছে। তারই অংশ হিসাবে আমাদের সরকার উপযুক্ত মুল্যে কৃষক ও হাসকিং মিলারদের কাছ থেকে এ উপজেলায় সরকারি ভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু করা হলো। আমরা ধানের রেট দিয়েছি প্রতি কজি ৩৬ টাকা এবং চালের রেট দিয়েছি ৪৯ টাকা। সে হিসাবে আমি মনে করি কৃষকরা এবার ভালো একটা মুল্য পাবে। কোন কৃষক যেন বৈষম্যের শিকার না হয়। প্রতি কৃষক যেন তাদের উৎপাদিত ফসল (ধান) ভালো ভাবে এসে দিয়ে যেতে পারে। সেই জন্য একটা কৃষক এ্যাপস-এর ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা তাদের কৃষক এ্যাপস-এর মাধ্যমে একাউন্ট করে আবেদনের মাধ্যমে সরকারি মুল্যে সর্বোচ্চ ৩ মেঃ টন পর্যন্ত ধান দিতে পারবে। তবে ধানের মান অবশ্যই ভালো হতে হবে। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন কৃষক বান্ধব। কৃষকরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সে জন্য আমরা কৃষক কার্ডের মাধ্যমে আগামীতেও এই ব্যবস্থা চালু রাখবো। কৃষকরা যেন সহজেই তাদের উৎপাদিত পণ্য বিপনণ করতে পারে এবং চাষাবাদের ক্ষেত্রেও যেন সুযোগ সুবিধা পায়, সেগুলো নিশ্চিত করার জন্য আমরা কৃষক কার্ড প্রনোয়ণ করেছি। অচিরেই প্রত্যেক কৃষকের হাতে হাতে কৃষক কার্ড পৌছে যাবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এটা নিশ্চিত করতে চান।
সোমবার বিকালে বিরল উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিরল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামত আলীর সভাপতিত্বে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন, বিরল থানার অফিসার ইনচার্জ আল ইমরান, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোফাচ্ছেল হক সেলু, সম্পাদক শাহিনুর আলম জুয়েল, মিল মালিক আব্দুল লতিফ, রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন জানান, চলতি মৌসুমে খাদ্য সংকট নিরসনে বিরল ও মঙ্গলপুর খাদ্যগুদামের চালকল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৭৪২৪ মেট্রিক টন বোরো চাল (সিদ্ধ) এবং প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা দরে ১০৯২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
